আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চুয়াডাঙ্গা শহরে রেলপাড়ায় অবস্থিত ১৫৫ বছরের পুরোনো ইমামবাড়ীর মুতাওয়াল্লি জনাব গোলাম মাবুদ জোয়ার্দার গত ৪ ডিসেম্বর ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামবাড়ীর প্রতিষ্ঠাতা গোলাম রশিদ জোয়ার্দারে’র মৃত্যুর পর তার বিধবা স্ত্রী, ভাইপো গোলাম মাবুদ জোয়ার্দারকে ইমামবাড়ীর দায়িত্ব অর্পণ করেন। সেসূত্রে দীর্ঘ ৬৬ বছর যাবত তিনি ইমামবাড়ীর সেবা-যত্ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে গেছেন।
একসময় যখন ইমামবাড়ীতে কারও যাতায়াত ছিল না, তখন তিনি একাই নিরলসভাবে ইমামবাড়ীর সংরক্ষণ ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেছেন। গোলাম মাবুদ জোয়ার্দার ছিলেন একজন ধার্মিক ব্যক্তিত্ব এবং আহলে বাইত (আ.) এর একজন সৎ ও নিঃস্বার্থ সেবক ও অনুসারী।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা শহরে এটাই একমাত্র ইমামবাড়ী। জোয়ার্দার সাহেবের চেষ্টায় এটা এখনও আবাদ আছে। অন্যান্য শহর থেকে আহলে বাইত (আ.) এর ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানে এখানে সমবেত হন।#